কমলাপুরে ঘরমুখো যাত্রীর ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

Bangladesh railway news

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদযাত্রার শেষ সময়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন-এ মঙ্গলবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

তবে যাত্রীদের এই বাড়তি চাপ সামলাতে কিছুটা বেগ পেতে হলেও এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়েই ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

স্টেশন ঘুরে দেখা গেছে, স্টেশনের ভেতরে ও বাইরে যাত্রীদের দীর্ঘ সারি, টিকিট কাউন্টারের সামনে ভিড় এবং প্ল্যাটফর্মে পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা—সব মিলিয়ে এক উৎসবমুখর কিন্তু ব্যস্ত পরিবেশ বিরাজ করছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারেন।

জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিটে বেনাপোলগামী রূপসি বাংলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে। এছাড়া সকাল ১১টা ১৫ মিনিটে জয়ন্তীকা এক্সপ্রেস, নকশিকাঁথা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার ও মোহনগঞ্জ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন একের পর এক ঢাকা ছাড়ার কথা রয়েছে।