মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে খেলতে গিয়ে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, বুধবার (১ এপ্রিল) সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলে এলাকার কৃষিজমি পানিতে টইটম্বুর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশের কৃষিজমির পানিতে খেলতে নামে।
খেলতে খেলতে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে পড়ে। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে যায়। এ সময় এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রবির বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হবে।
