লিসবনে ৪.১ মাত্রার ভূমিকম্প, পরপর দুটি কম্পন অনুভূত

portugal Earthquake

পর্তুগালের রাজধানী Lisbon ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে একই মাত্রার আরেকটি আফটারশকও রেকর্ড করা হয়।

স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় এবং দুই মিনিট পর ১২টা ১৬ মিনিটে দ্বিতীয় কম্পনটি আঘাত হানে। লিসবন ছাড়াও সেতুবাল, সান্তারেম, লেইরিয়া ও এভোরা জেলার বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলেনকের শহরের পশ্চিম-উত্তরপশ্চিমে প্রায় চার কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে। পরবর্তী কম্পনটি আলেনকের উত্তরে মাত্র দুই কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

Portuguese Institute for Sea and Atmosphere (আইপিএমএ) জানিয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে লিসবনের লোরেস এলাকায় সংশোধিত মারকেলি স্কেলে সর্বোচ্চ IV/V মাত্রার কম্পন অনুভূত হয়।

এছাড়া মন্টেমর-ও-নোভো, পেনিশে, সিন্ত্রা, তোরেস ভেদ্রাস, ভিলা ফ্রাঙ্কা দে জিরা, বেনাভেন্তে, আলমাদা ও বারেইরোসহ বিভিন্ন এলাকায় অপেক্ষাকৃত কম মাত্রায় কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেল অনুযায়ী ৪.০ থেকে ৪.৯ মাত্রার ভূমিকম্পকে “হালকা” (Light) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি লিসবন অঞ্চলে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২০২৪ সালের আগস্টে পর্তুগালের মূল ভূখণ্ডে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল সাইনেস শহরের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে।