ঈদের দিনেও কাজে ব্যস্ত অনেক প্রবাসী বাংলাদেশি

Malaysia-Eid

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতীয় ঈদগাহ মসজিদ নেগারাসহ কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

ঈদের নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি অংশ নেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নারী-পুরুষও এ আনন্দঘন পরিবেশে অংশ নেন।

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীও জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তবে উৎসবের দিনেও অনেক প্রবাসী বাংলাদেশিকে কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। বিশেষ করে চাইনিজ ও তামিল মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে ঈদের দিনেও কাজ চলেছে স্বাভাবিক নিয়মে। অনেক প্রবাসী শুধুমাত্র নামাজ আদায়ের সময়টুকু ছুটি পেয়েছেন। নামাজ শেষে আবারও কাজে ফিরতে হয়েছে তাদের।

কেউ কেউ বেতন কাটার শর্তে ছুটি পেয়েছেন বলেও জানিয়েছেন। ফলে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে না পারার আক্ষেপ রয়েছে অনেক প্রবাসীর মধ্যে।

বর্তমানে মালয়েশিয়ায় সাধারণ শ্রমিক, ব্যবসায়ী ও স্থায়ীভাবে বসবাসকারী মিলিয়ে প্রায় ১৫ লাখ বাংলাদেশির বসবাস রয়েছে। স্থানীয় নাগরিককে বিয়ে করে কিংবা ‘সেকেন্ড হোম’ সুবিধার আওতায় অনেকে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী, কোরবানির পশুর গোশত মসজিদ থেকে বণ্টন করা হয়। তাই অনেক প্রবাসী ঈদের দিন মসজিদে গিয়ে কোরবানির গোশত সংগ্রহ করেন। তবে অনেকেই বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেই সুযোগ থেকেও বঞ্চিত হন।

এদিকে মালয়েশিয়ায় পশু কোরবানি দিতে হলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সরকারি অনুমতি বা সার্টিফিকেট নিতে হয়। এসব প্রশাসনিক জটিলতার কারণে প্রবাসীদের ঈদ আনন্দে কিছুটা ঘাটতি থেকে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।