দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং ১৪ হাজার ৩৮৫ জন শিশু সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৭ হাজার ৪৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
