দেশে হামের প্রকোপ উদ্বেগজনক, মৃত্যু ১৫৯

measles symptoms treatment

দেশে হাম রোগের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। বুধবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে মারা গেছেন ২১ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জন, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে মোট ৬৬ জন (৯ জন নিশ্চিত ও ৫৭ জন সন্দেহজনক) মারা গেছেন।
মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ—৬৩ জন (নিশ্চিত ২ ও সন্দেহজনক ৬১)।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল ও খুলনায় সাতজন করে, ময়মনসিংহে দুইজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১ হাজার ২৪৮ জন সন্দেহজনক ও ১৮৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৪১ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু।

হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় ২৩ জন ভর্তি হয়েছেন এবং ১০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন।

এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছেন ৪৫২ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।