হাম রোগের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
রোববার সকালে নবাবগঞ্জ-এ হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয়।”
তিনি আরও জানান, নির্ধারিত বয়সের সব শিশুকে টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, কর্মসূচির প্রাথমিক ধাপ শুরু হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায়। এরপর পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত করা হবে।
এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার দ্রুততার সঙ্গে ঘাটতি পূরণে কাজ করছে এবং টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, “কোনো ঘাটতি রাখা হবে না। সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের টিকার আওতায় আনতে সহযোগিতা করতে হবে। যত বেশি শিশু টিকা পাবে, আমরা তত বেশি নিরাপদ থাকব।”
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। এ কারণে জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব লক্ষ্যমাত্রাভুক্ত শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
