ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে

mesut ozilin dhaka

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কারকাজ উদ্বোধন করতে বাংলাদেশ সফরে এসেছেন জার্মানির জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিল। বুধবার বিকেলে তাঁর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে বিলাল এরদোয়ানও বিশ্ববিদ্যালয়ে আসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেডিকেল সেন্টারটির সংস্কারকাজে সহায়তা করছে তুরস্ক সরকারের সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)। সংস্থাটির এই কার্যক্রমের উদ্বোধন করতেই মূলত ওজিলের এ সফর।

উদ্বোধনী অনুষ্ঠানে ওজিল ও বিলাল এরদোয়ানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন উপস্থিত ছিলেন।

সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল স্পেনের Real Madrid ও ইংল্যান্ডের Arsenal ক্লাবের হয়ে খেলেছেন। তিনি ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

সফরের অংশ হিসেবে ওজিল ও তাঁর সফরসঙ্গীদের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে বলে জানা গেছে।