মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ঢাকায় ৪৭৫টি ফ্লাইট বাতিল, আজ আরও ২৪টি

Airline

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে এখন পর্যন্ত মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে প্রতিদিনই বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ শনিবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতগামী ২টি ফ্লাইট, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ২টি, বাহরাইনগামী গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ফ্লাইট সাময়িকভাবে বাতিল রাখা হয়েছে।

তারা আরও জানান, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে।

এদিকে যাত্রীদের নিরাপত্তা এবং বিমান চলাচল স্বাভাবিক রাখতে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।