স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মব কালচার থাকতে দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে।
বুধবার মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ এ সরকারের প্রধান লক্ষ্য হলো মানুষের সেবা নিশ্চিত করা। সবার সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এবং যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি নিয়ে যতটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে জনগণের আস্থার জায়গা তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে এবং দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, বিশেষ করে তিনটি বিষয়ে সরকার গুরুত্ব দেবে—রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ।
তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে জনগণের উদ্বেগ কমানো এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে।
