জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা। এরপর বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের কর্মসূচি জানিয়েছে দলটি।
রোববার দলের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়েছে, বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।
