নেতানিয়াহু কি মারা গেছেন? গুঞ্জনের মাঝে কফি হাতে ভিডিও

netanyahu coffee video

জেরুজালেম: মৃত্যুর বা আহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওটিতে তাঁকে কফি পান করতে এবং সহকর্মীর সঙ্গে আলাপ করতে দেখা গেছে।

রোববার নেতানিয়াহুর টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটি জেরুজালেমের প্রান্তভাগে অবস্থিত একটি ক্যাফেতে ধারণ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও অনলাইনে তাঁর মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহুর এক সহযোগী তাঁকে এই গুজব সম্পর্কে প্রশ্ন করছেন। জবাবে তিনি ‘ডেড’ শব্দটি নিয়ে রসিকতা করে বলেন, হিব্রু ভাষায় এই শব্দটি কখনো কখনো কারও বা কিছুর প্রতি ‘উন্মাদনা’ বোঝাতেও ব্যবহৃত হয়।

এ সময় নেতানিয়াহুকে বলতে শোনা যায়,
“আমি কফির জন্য উন্মাদ–পাগল। জানেন কি, আমি আমার জনগণের প্রতিও উন্মাদ।”

ভিডিওটির অবস্থান যাচাই করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। ক্যাফের সংরক্ষিত ছবির সঙ্গে ভিডিওতে দেখা পরিবেশ মিলিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ক্যাফেতে নেতানিয়াহুর সফরের বিভিন্ন ভিডিও ও ছবির মাধ্যমে ধারণের তারিখও নিশ্চিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর নেতানিয়াহু অন্তত দুটি শহর, একটি হাসপাতাল, একটি বন্দর এবং একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। তবে এসব সফরে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত ছিল এবং বেশির ভাগ ভিডিও তাঁর কার্যালয় থেকেই সরবরাহ করা হয়েছে।

ইসরায়েলের এই প্রধানমন্ত্রী খুব কমই দেশটির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন বা সংবাদ সম্মেলন করেন। ইরানে সামরিক অভিযান শুরুর পর গত বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে তাঁর প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের ১২ দিনের সংঘাতের সময়ও তিনি একই পদ্ধতি অনুসরণ করেছিলেন।

এদিকে ইরানে সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলে জরুরি নিরাপত্তা বিধিনিষেধ জারি করা হয়েছে। এর আওতায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং বেশির ভাগ মানুষকে বাড়িতে, আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দেশের অধিকাংশ স্কুলও বন্ধ রয়েছে।