জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রীর শপথ, সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

new cabinet-oath ceremony-national-parliament

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। অনুষ্ঠানস্থল ও আশপাশ এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

পুলিশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে থাকবে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর যাতায়াতেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অধিদপ্তর ও স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলের সময় পুলিশ প্রোটেকশন, পিজিআর প্রোটেকশন, এসএসএফ নিরাপত্তা, নেটওয়ার্ক নিয়ন্ত্রণে জ্যামার, এসএসএফ টেস্টার, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের ব্যবস্থা রাখা হবে।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রম ঘটছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

এদিকে, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।