জ্বালানি সংকটে অফিস ৯টা–৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টার মধ্যে — নতুন সিদ্ধান্ত সরকারের

Bangladesh office time change energy crisis

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়া ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে। একই সঙ্গে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। সিদ্ধান্তটি আজ শুক্রবার থেকেই কার্যকর হবে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবার দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন নির্দেশনা

সরকার আগামী তিন মাস ব্যয় কমাতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে—

  • নতুন গাড়ি, জলযান, আকাশযান কেনা বন্ধ
  • কম্পিউটার ও সরঞ্জাম ক্রয় স্থগিত
  • অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০% কমানো
  • বিদেশ সফর ও বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ
  • সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০% কমানো
  • জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০% কমানো
  • সরকারি ভ্রমণ ব্যয় ৩০% কমানো
  • বিয়ে বা উৎসবে আলোকসজ্জা নিরুৎসাহিত

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী—

  • সপ্তাহে ৬ দিন ক্লাস
  • ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীর
  • ব্যবহারিক ক্লাস সশরীর
  • শিক্ষকরা উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস বিনা শুল্কে আমদানির সুযোগও দেওয়া হয়েছে (নতুন বাস হতে হবে) সরকার বলছে, জ্বালানি সাশ্রয়, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।