প্যারিসে শরণার্থীদের চাকরি মেলায় উপচে পড়া ভিড়, চাকরি পেতে হিমশিম অভিবাসীরা

paris refugee job fair

প্যারিস-এ শরণার্থীদের জন্য আয়োজিত একটি বিশেষ চাকরি মেলায় ব্যাপক সাড়া দেখা গেছে। টেন্ট ফ্রান্স আয়োজিত এ মেলায় অভিবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যেখানে অনেকেই চাকরি না পাওয়ার হতাশার কথা তুলে ধরেছেন।

মেলায় অংশ নেওয়া এক অভিবাসী জানান, “আমি অনেক জায়গায় সিভি পাঠাই, কিন্তু কেউ উত্তর দেয় না।” ভাষাগত দুর্বলতা, অভিজ্ঞতার অভাব এবং সিভি প্রস্তুতের সীমাবদ্ধতার কারণে ফ্রান্সে শরণার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আয়োজিত এ মেলায় প্রায় ৩০টি বড় প্রতিষ্ঠান অংশ নেয় এবং প্রায় ৭০০ জন প্রার্থী উপস্থিত ছিলেন, যা প্রত্যাশার দ্বিগুণেরও বেশি। সকালজুড়ে বুর্স দ্যো থ্রাবাই ভবনের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।

আয়োজক সংস্থার পরিচালক ইয়াসমিন লেরু বলেন, ফ্রান্সে বৈধভাবে কাজের অনুমতি থাকলেও ভাষা, নেটওয়ার্ক এবং চাকরি সংক্রান্ত জ্ঞানের অভাবে অনেক শরণার্থী কাজ পান না। এই কারণে তাদের জন্য আলাদা চাকরি মেলার আয়োজন করা জরুরি।

৩৬ বছর বয়সি সুদানি শরণার্থী সালাহ হারুন জানান, বারবার আবেদন করেও অভিজ্ঞতার অভাবে তিনি চাকরি পাচ্ছেন না। একইভাবে গ্যাবন থেকে আসা ইয়ানও প্রতিদিন বহু আবেদন করেও সাক্ষাৎকারের সুযোগ পাচ্ছেন না বলে জানান।

মেলায় L’Oréal, Inditex, Amazon এবং Hyatt-এর মতো বড় প্রতিষ্ঠান অংশ নেয়। নিয়োগদাতারা ‘স্পিড-ডেটিং’ পদ্ধতিতে সাক্ষাৎকার নেন এবং প্রার্থীদের কাছ থেকে বিপুল সংখ্যক সিভি সংগ্রহ করেন।

INSEE-এর এক গবেষণায় দেখা গেছে, ফ্রান্সে আসার আগে ৫৭ শতাংশ শরণার্থী কাজ করতেন, কিন্তু আশ্রয় পাওয়ার পর প্রথম বছরে এই হার কমে দাঁড়ায় ৪০ শতাংশে।

টেন্ট ফ্রান্সের তথ্য অনুযায়ী, এই ধরনের মেলায় গড়ে ১০ থেকে ১২ শতাংশ প্রার্থী চাকরি পান, যা সাধারণ চাকরি মেলার তুলনায় কিছুটা বেশি। তবুও, শরণার্থীদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।