বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

pm-tarique-rahman-abrar-fahad

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের বিভিন্ন চুক্তি, পানি বণ্টন ও দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নেন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সেখানে রাতভর নির্যাতনের শিকার হয়ে ৭ অক্টোবর ভোরে মারা যান তিনি।

এর আগে ৫ অক্টোবর ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তি, ফেনী নদীর পানি বণ্টন, মোংলা বন্দর ব্যবহারের সুযোগ এবং জ্বালানি সম্পদ রপ্তানি নিয়ে সমালোচনা করেছিলেন আবরার।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন।

আবরার হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতেও মামলাটির বিচারিক কার্যক্রম চলে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হয়েছে গত ৭ অক্টোবর। দিবসটি ঘিরে তার পরিবারের সদস্য ও বিভিন্ন মহল থেকে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন এবং দণ্ড কার্যকরের দাবি আবারও সামনে এসেছে।

হত্যাকাণ্ডের সপ্তম বার্ষিকীর পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।