পর্তুগালের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে ‘নতুন’ নাগরিকত্ব আইন অনুমোদন করা হয়েছে, যেখানে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর করা হয়েছে।
প্রায় নয় মাসের আইন প্রণয়ন প্রক্রিয়া শেষে বুধবার (১ এপ্রিল) পার্লামেন্টে পিএসডি ও শেগা দলের সমঝোতার ভিত্তিতে ১৫২–৬৪ ভোটে সংশোধিত এই আইন পাস হয়। নতুন আইনে নাগরিকত্ব আবেদনের সময় গণনা শুরু হবে রেসিডেন্স পারমিট ইস্যুর তারিখ থেকে।
এর ফলে পর্তুগালে বসবাস শুরু করার পর প্রথম রেসিডেন্স পারমিট কার্ড পাওয়ার দিন থেকেই নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সময় গণনা করা হবে। পাশাপাশি নতুন আইনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাগরিকত্ব বাতিলের বিধানও যুক্ত করা হয়েছে।
আইনটিতে কোনো ট্রানজিশনাল (অন্তর্বর্তীকালীন) সুরক্ষা রাখা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান প্রেসিডেন্ট চাইলে বিলটিতে ভেটো দিতে পারেন অথবা বাস্তবায়ন স্থগিত করতে পারেন।
সংশোধিত আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে—পর্তুগিজ ভাষাভাষী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য নাগরিকত্বের যোগ্যতার সময়সীমা বাড়িয়ে ৭ বছর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা ১০ বছর করা হয়েছে।
আইনটি অনুমোদনের পরপরই এটিকে কঠোর ও কঠিন বলে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তবে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই আইনটি কার্যকর হবে। এর আগে একই ধরনের প্রস্তাব দুই দফা রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় বিষয়টি সাংবিধানিক আদালতে যায় এবং আদালত সংশ্লিষ্ট ধারা বাতিল করে দেয়।
