ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট দিয়েছেন।
এ ছাড়া ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন এবং ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
