আগামী মাসের মধ্যেই ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। প্রথম পর্যায়ে প্রবাসীদের জন্য প্রবাসী ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়া যাবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা।
সরকারের মতে, প্রবাসী কার্ড চালুর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ব্যাংকিং সেবা গ্রহণে আরও সহজ ও আধুনিক সুবিধা পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক লেনদেন পরিচালনা এবং বিভিন্ন আর্থিক সেবা ব্যবহারে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে দেশের সব যোগ্য প্রবাসী বাংলাদেশির জন্য কার্ডটি পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা রয়েছে।
