আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ উদ্দিনের দাফন সম্পন্ন

Borolekha probashi death,

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এলাকার বিপুলসংখ্যক মানুষ জানাজায় উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সালেহ উদ্দিনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে আনা হয়। পরে আরেকটি ফ্লাইটে মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সকাল ১১টার দিকে সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই মরদেহ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামে পৌঁছে দেন।

সালেহ উদ্দিনের মরদেহ বাড়িতে পৌঁছালে স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রবাসী সালেহকে দেখতে মানুষের ঢল নামে।

দাফন-কাফনের জন্য নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকা, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা, বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা

মন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দুবাইয়ে নিহত বড়লেখার সালেহ উদ্দিনের মরদেহ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছেন। নিহতের পরিবারের জীবিকার ব্যবস্থা, সন্তানদের পড়াশোনা এবং কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের বিষয়ে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নিহতের এক ছেলে অসুস্থ এবং স্ত্রী প্রতিবন্ধী। ছেলের চিকিৎসা এবং স্ত্রীর জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিদেশে সংঘাত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আহতদের চিকিৎসা বিদেশের হাসপাতালেই চলছে এবং আরও তিনটি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী প্রায় ২৭ বছর আগে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে যান। তিনি আজমান শহরে বসবাস করতেন এবং পানি সরবরাহের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর পানি সরবরাহ করতে যাওয়ার সময় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তার গাড়িতে আঘাত হানে। এতে সালেহসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সালেহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।