কাতারে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও পর্যটকদের জন্য সুখবর দিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মেয়াদ শেষ বা শেষের কাছাকাছি থাকা সব ধরনের এন্ট্রি ভিসার (প্রবেশাধিকার ভিসা) মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।
ভিসার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রনিকভাবে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি কোনো সরকারি দপ্তরে উপস্থিত হবার প্রয়োজন নেই এবং নতুনভাবে আবেদনও করতে হবে না। এছাড়া এই বর্ধিত মেয়াদের জন্য প্রবাসীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না।
তবে মন্ত্রণালয় সতর্ক করেছে, যাদের ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারির আগে শেষ হয়ে গিয়েছিল এবং যারা দেশটির আইন ভঙ্গ করে অবস্থান করছিলেন, তাদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা সরাসরি কার্যকর হবে না। প্রথমে পূর্বের মেয়াদের জন্য নির্ধারিত জরিমানা পরিশোধের পর তারা বৈধভাবে থাকায় এক মাসের বাড়তি মেয়াদ ও ফি মওকুফ সুবিধা উপভোগ করতে পারবেন।
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটিতে অবস্থানরত দর্শক ও বাসিন্দাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
