RAB এর নাম পরিবর্তন: নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF)’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (RAB) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। পাশাপাশি র‌্যাবের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পোশাকও প্রস্তুত করা হচ্ছে।

র‌্যাবের অতীত ও বিতর্ক

র‌্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। পরে ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হিসেবে বাহিনীটি গঠিত হয়।

তবে গঠনের পর থেকেই র‌্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষাপটে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র‌্যাব ও বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার তালিকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ-এর নামও অন্তর্ভুক্ত ছিল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর যে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে RAB বিলুপ্তির সুপারিশ করা হয়।

এছাড়া নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (HRW) দীর্ঘদিন ধরেই র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে।

অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে এবং জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে র‌্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে বাহিনীটির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা যেতে পারে।

র‌্যাব বিলুপ্তির দাবিতে সোচ্চার রয়েছে বিএনপিও। ২০২৪ সালের ১০ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, র‌্যাবের অতীত কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সংস্কারের সুযোগ নেই।

তিনি বলেন,
‘চিকিৎসাবিজ্ঞানে যেমন গ্যাংগ্রিন হলে কেটে ফেলতে হয়, তেমনি এই বাহিনী বিলুপ্তি ছাড়া উপায় নেই।’