মার্চের ২৪ দিনেই ৩০০ কোটি ডলার ছাড়াল রেমিট্যান্স

Remittance

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির সময়ে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি করে অর্থ পাঠিয়েছেন। ফলে চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

খাত সংশ্লিষ্টদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের বাড়তি কেনাকাটা ও খরচ মেটাতে প্রবাসীরা অতিরিক্ত অর্থ পাঠিয়েছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব দেখা যাচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, মার্চ মাসের প্রথম ২৪ দিনে ৩০৫ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী এর পরিমাণ প্রায় ৩৭ হাজার ৫১৫ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশে মোট দুই হাজার ৫০৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ২৩৮ কোটি মার্কিন ডলার।