সৌদি আরবের একটি আবাসিক ভবনে প্রজেক্টাইল হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তবে এখনো নিহত ও আহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।
রোববার সৌদি আরবের নাগরিক সুরক্ষা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সৌদি সিভিল ডিফেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, সৌদি আরবের আল খারজ শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত ভবনে উড়ন্ত প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়। এতে ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
এর প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ইসরাইলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এছাড়া ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উৎস এবং প্রজেক্টাইল কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
