সৌদি আরব থেকে এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ৭,৯৩৪ জনকে

Saudi Arabia illegal expatriates arrest

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে অভিযানে এসব আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে মন্ত্রণালয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে বসবাসের বিধি, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমতি ছাড়া সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। অননুমোদিত সীমান্তপথ দিয়ে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ২২ জন।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, কাজে নিয়োগ কিংবা পরিচয় গোপনে সহায়তার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৪৪৯ জন এবং নারী ২ হাজার ১৬৯ জন।

ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। দেশে ফেরার ভ্রমণব্যবস্থা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আরও ৬ হাজার ৫৫৫ জনকে।

ফেরত পাঠানো ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক, তা ঘোষণায় উল্লেখ করা হয়নি। ফলে তাঁদের মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন কি না কিংবা থাকলে কতজন, সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।