সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরান-এ ‘অত্যন্ত জরুরি ও আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি রয়েছে—এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, দাহরানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়, “যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কেউ আসবেন না। অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যান।”
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকরা যেন ঘর থেকে বের না হন, নিজেদের নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই করেন এবং সম্ভাব্য পরবর্তী হামলার বিষয়ে সতর্ক থাকেন। কনস্যুলেটের কর্মীরাও বর্তমানে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।
এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ নিযুক্ত মার্কিন দূতাবাসের নিকটে দুটি ইরানি ড্রোন আঘাত হানার পর নতুন করে এই সতর্কতা জারি করা হয়। আরও দুটি ড্রোন দূতাবাসের কাছাকাছি আঘাত হেনেছিল বলে জানা গেছে।
দাহরান শহরটি ভৌগোলিকভাবে ইরানের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক বাহিনী মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে এখন পর্যন্ত দূতাবাস এলাকায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
