সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ

Rohingya passport Saudi

সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানিয়েছেন Abdullah Zafer bin Abiyah।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, এ প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা প্রয়োজন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে এবং পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। যেসব মিয়ানমার নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাই করার কথাও জানান তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সফর করতে পারেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।