বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-এর জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন তিনি।
বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কেক কেটে জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। এ সময় দুজন একে অপরকে কেক খাইয়ে দেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আসিফ আকবর সাকিব আল হাসানকে ‘নবাব’ বলে সম্বোধন করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। এ সময় জাতীয় দলে জায়গা হারান তিনি। তবে সরকার পরিবর্তনের পর তার জাতীয় দলে ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে।
এর আগে গত ৪ মার্চ গণমাধ্যমে আসিফ আকবর বলেন, সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে কাজ চলছে। পাশাপাশি বিসিবির আইন বিভাগও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে তার আইনগত জটিলতা দ্রুত সমাধান করা যায়।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। অল্প সময়ের মধ্যেই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের কোটি ভক্তের মতো তারাও সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করলেও তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বর্তমানে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। তার নামে থাকা মামলাটি প্রত্যাহারের কাজও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।
ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৬৫ টেস্টে ৫ সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান করেছেন সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন ২৩১ উইকেট। ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৯ সেঞ্চুরিতে করেছেন ৭০৮৬ রান এবং নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে করেছেন ২৫৫১ রান, পাশাপাশি শিকার করেছেন ১৪৯ উইকেট।
