সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১০ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে খোরদাম শহরের ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতরা জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিষা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ রয়েছেন।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় ও মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আশঙ্কা প্রকাশ করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
