স্পেনে ৫ লাখ অনিয়মিত অভিবাসীর নিয়মিত হওয়ার সুযোগ: কী সুবিধা, কী নয়

দীর্ঘ দুই দশক পর ইউরোপের দেশ স্পেন অনিয়মিত অবস্থায় বসবাসরত প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত হওয়ার সুযোগ দিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যে সমাজ ও শ্রমবাজারে যুক্ত অনিয়মিত অভিবাসীদের আইনি কাঠামোর আওতায় আনা হবে।

তবে ঘোষণার পর সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে—বিশেষ করে নিয়মিত হলে অভিবাসীরা ভোটাধিকার পাবেন বলে দাবি করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এসব দাবি সঠিক নয়।

এই প্রক্রিয়া, সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

নিয়মিত হলে যে সুবিধা পাবেন

১. এক বছর মেয়াদি বসবাসের অনুমতি

আবেদন অনুমোদিত হলে অভিবাসীরা প্রথমে এক বছরের রেসিডেন্স পারমিট পাবেন। পরে সাধারণ অভিবাসন আইনের আওতায় তা নবায়ন করতে হবে। এটি স্থায়ী বসবাস নয়, বরং আইনি ভিত্তি প্রদান।

২. বৈধভাবে কাজের অধিকার

  • স্পেনের যেকোনো অঞ্চলে কাজ করার সুযোগ
  • আনুষ্ঠানিক চাকরির চুক্তি করার অধিকার
  • অবৈধ শ্রমবাজার থেকে বের হওয়ার সুযোগ
  • আবেদন গ্রহণের পর থেকেই বৈধভাবে কাজ শুরু করা যাবে

সরকার বলছে, এতে শ্রম শোষণ কমবে এবং শ্রমিকদের আইনি সুরক্ষা বাড়বে।

৩. পারিবারিক পুনর্মিলন

যেসব অভিবাসীর সন্তান স্পেনে আছে, তারাও নিয়মিত হওয়ার সুযোগ পাবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি বসবাসের অনুমতি দেওয়া হতে পারে।

৪. সামাজিক নিরাপত্তা সুবিধা

বৈধভাবে কাজ করলে অভিবাসীরা পাবেন—

  • শ্রম অধিকার সুরক্ষা
  • পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ
  • কর্মসংস্থান সংক্রান্ত সুবিধা
  • সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধন

নিয়মিত হলে যা পাওয়া যাবে না

নাগরিকত্ব নয়

নিয়মিত হওয়া মানেই স্পেনের নাগরিকত্ব নয়। সাধারণত নাগরিকত্ব পেতে ১০ বছর বৈধভাবে বসবাস করতে হয় (বিশেষ ক্ষেত্রে সময় কম হতে পারে)।

ভোটাধিকার নয়

নিয়মিত হলেই জাতীয় বা আঞ্চলিক নির্বাচনে ভোট দেওয়া যাবে না। কেবল স্পেনের নাগরিক হলেই ভোটাধিকার পাওয়া যায়।

স্থানীয় নির্বাচনে কিছু বিদেশি ভোট দিতে পারেন—তবে তা নির্ভর করে নাগরিকত্ব, চুক্তি ও আইনি শর্তের ওপর।

যে বিষয়গুলো এখনও স্পষ্ট নয়

সরকার নিয়মিতকরণের ঘোষণা দিলেও আইন চূড়ান্ত হয়নি। ফলে কিছু বিষয় এখনও পরিষ্কার নয়—

  • আবেদন প্রক্রিয়া কীভাবে হবে
  • বসবাসের প্রমাণের মানদণ্ড
  • আবেদন নিষ্পত্তির সময়সীমা
  • বিভিন্ন প্রদেশে বাস্তবায়নের সক্ষমতা

কেন এই উদ্যোগ

সরকারের মতে—

  • হাজার হাজার মানুষ ইতোমধ্যে কাগজপত্র ছাড়া কাজ করছেন
  • অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল খাতগুলোকে বৈধ কাঠামোয় আনা জরুরি
  • আনুষ্ঠানিক কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়বে

২০০৫ সালের নিয়মিতকরণ কর্মসূচিতে প্রায় ৫ লাখ ৭৬ হাজার অভিবাসী বৈধতা পান এবং এতে সরকারি রাজস্ব বৃদ্ধি ও শ্রমশোষণ কমার প্রমাণ পাওয়া যায়।

সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নির্বাচনে সুবিধা পেতে অভিবাসীদের বৈধ করছেন—যাতে তারা ভোট দিতে পারেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এসব দাবিকে ভিত্তিহীন বলেছে।