বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য জামানত ছাড়াই ১০ লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি দেবে সরকার

prime Minister Tarek Rahman

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি প্রদানের নির্দেশ দেন।

এক আলোচনা অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জন আরও সহজ হবে। আর্থিক সীমাবদ্ধতা কমবে এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনার সময় ব্যাংক সলভেন্সি বা আর্থিক গ্যারান্টি দেখানোর বাধ্যবাধকতার কারণে নানা সমস্যার সম্মুখীন হন। মূলত সেইসব শিক্ষার্থীদের সহায়তার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনায় প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য সুদে ঋণ সুবিধা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।