বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ সহায়তা, প্রধানমন্ত্রীর নির্দেশনা

student loan 10 lakh

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সহায়তায় ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী—এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে কর্মপরিকল্পনা নিয়ে ফলোআপ আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর আগ্রহ ও নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

তিনি জানান, বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে শিক্ষার্থী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানে এক লাখ জনবল পাঠানোর বিষয়ে হওয়া সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইউরোপের অনেক দেশের ভিসা করতে বর্তমানে ভারত যেতে হয়। এ সমস্যা সমাধানে বাংলাদেশেই সংশ্লিষ্ট দেশগুলোর কনস্যুলার সেবা চালু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু দেশ ইতোমধ্যে সেবা দিচ্ছে, বাকি দেশগুলোকেও এ বিষয়ে অনুরোধ জানানো হবে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড প্রচারে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।