সিলেটে মোটরসাইকেল চোর সংঘটনের সভাপতি সহ ২জন গ্রেফতার

sylhet bike theft gang arrest police

সিলেট নগরে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুর ১টা থেকে ২টার মধ্যে নগরের জিন্দাবাজার এলাকায় রাজা ম্যানশন এলিগেন্ট শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ৭ এপ্রিল কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করেন। পরে সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উপশহর এলাকা থেকে চক্রের মূলহোতা কয়েছ আহমেদ তালুকদার (৩৫) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তী অভিযান পরিচালনা করে।

এর ধারাবাহিকতায় ১০ এপ্রিল সকাল ১০টার দিকে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।