সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি ধর্মঘট প্রত্যাহার

Oil pump

সিলেট বিভাগে পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মঘটটি শুরু হয়েছিল ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে। এতে করে কয়েক ঘণ্টা জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

তিনি জানান, গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সব পাম্পে খবর পৌঁছায়নি। ফলে পাম্প চালু হতে কিছুটা সময় লাগছে। তবে সকাল ১০টার মধ্যে সব পাম্পে বার্তা পৌঁছে কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর মালিকরা পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন এবং খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের অসন্তোষ রয়েছে। রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও আলোচনা করে দেড় ঘণ্টার মধ্যে তা তুলে নেওয়া হয়।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার পাম্প মালিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধান খোঁজা হবে।