যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে-এর উডসাইড এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার জীবনের এই করুণ সমাপ্তি ঘটে।
ঘটনাটি ঘটে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে, স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে। কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই সময় পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডানদিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, দুর্ঘটনাস্থল থেকে নিশাতের বাসা ছিল মাত্র ১০ মিনিটের হাঁটার দূরত্বে। কিন্তু সেদিন আর ঘরে ফেরা হলো না তার।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। বড় বোন নওশিন জান্নাত নিশাতের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মোবাইলের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে তারা পুলিশ ও জরুরি সেবাকর্মীদের উপস্থিতি দেখতে পান। সেখানে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন—সেটিই ছিল নিশাতের শেষ ঠিকানা।
নিশাত জান্নাত Jamaica, Queens এলাকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কাজ শেষে ছোট বোনের জন্য কেক কিনে আনার ইচ্ছাই তার শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।
তার পরিবার ২০১৭ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে। বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের -এর রায়গড় গ্রামে।
নিশাত ছিলেন চার বোনের একজন। তার দুটি ছোট বোন রয়েছে, যাদের একজনের বয়স মাত্র ৯ বছর এবং অপরজনের ৪ বছর। যে ছোট বোনের জন্য কেক নিয়ে ফিরছিলেন নিশাত, সে আর কোনোদিন তার বড় বোনকে ফিরে পাবে না—এই বাস্তবতা এখন পুরো পরিবারকে শোকের সাগরে ভাসাচ্ছে।
নিশাত জান্নাতের জানাজা মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে New Jersey-এর একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
