বিএনপি ক্ষমতায় এলে দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা:তারেক রহমান

tareq rahman teesta project north bangladesh

রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা—এ কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এতে উত্তরাঞ্চল আবার সবুজ ও শস্য-শ্যামল হয়ে উঠবে এবং এ অঞ্চলের মানুষের পানির কষ্ট দূর হবে।

শনিবার (গতকাল) উত্তরাঞ্চলের তিন জেলা ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক তিনটি বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। লাখো নারী-পুরুষের উপস্থিতিতে তিনি বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

তারেক রহমান বলেন, দিনাজপুরের জগতবিখ্যাত লিচু ও কাঠারীভোগ চাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এতে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং দেশের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে পরিণত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান বলেন, দীর্ঘ বহু বছর পর এই জেলায় আসতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। নারীদের কর্মসংস্থানে যুক্ত না করলে দেশ এগোবে না উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, আর বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে প্রত্যেক পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি।

নীলফামারীর জনসভায় তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জেলা শিল্পায়নের ঘোষণা দেন। উত্তরা ইপিজেড সম্প্রসারণ, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাস দেন তিনি।

দিনাজপুরের বিরামপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে এ অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফের পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়—এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।