বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পাশাপাশি দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার প্রায় ৮০ শতাংশ হবেন নারী।
সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আগামী ৭ এপ্রিল পালিত হবে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।
তিনি বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা একে অপরের ওপর নির্ভরশীল। তাই সব প্রাণের সুরক্ষা এখন সময়ের দাবি। এটিই ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা, যা মানুষের পাশাপাশি প্রাণিকূল ও পরিবেশের সুস্বাস্থ্য রক্ষার ওপর গুরুত্ব দেয়।
এই লক্ষ্য অর্জনে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার জরুরি।
দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’—এই নীতির ভিত্তিতে ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।
বার্তায় আরও জানানো হয়, প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ব্যবস্থা চালু, স্বাস্থ্যবীমা ধীরে ধীরে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার, এবং সেবা গ্রহণকারী ও সেবা দাতার জন্য ন্যায়সংগত আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
সবশেষে তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিবসটির কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
