নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

tarique rahman bnp election result

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হলে ফলাফল মেনে নিতে তার দলের কোনো আপত্তি নেই। তবে ভোটকে অবশ্যই শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে, অন্যথায় কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে প্রভাবিত ফলাফল গ্রহণযোগ্য হবে না বলে তিনি জানান।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে গুলশান মডেল স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে কেন ফলাফল মেনে নেব না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।’ তিনি অভিযোগ করেন, ভোট নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের মালিক সাধারণ জনগণ এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। ভোটার উপস্থিতি বাড়লে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে এবং এসব কর্মকাণ্ড ভালো নয়।

ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফল প্রকাশে দেরি হওয়ার কোনো কারণ নেই এবং জনগণ দ্রুত ফলাফল প্রত্যাশা করবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই জনগণের সামনে ফলাফল প্রকাশ করবে।

এ সময় ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।