নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন, ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Tarek rahman BNP chairman

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। পাশাপাশি কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধান সরাসরি টেলিফোন করে তাকে অভিনন্দন জানান।

গত শুক্রবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফোন করে সাধারণ নির্বাচনে তার দলের ঐতিহাসিক বিজয়ের জন্য পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।

শাহবাজ শরিফ বলেন, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

টেলিফোনালাপে উভয় নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।

অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস ঢাকা ও জার্মান দূতাবাস ঢাকা।

ফ্রান্স দূতাবাস তাদের বার্তায় সুশৃঙ্খল ও স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ইতিবাচক মূল্যায়নকেও স্বাগত জানানো হয়েছে।

জার্মান দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়েছে, দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় সম্পৃক্ততা প্রশংসনীয়। পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্যদেরও অভিনন্দন জানানো হয়েছে।