সচিবালয়ে প্রথম কর্মদিবস আজ: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু তারেক রহমানের

Bangladesh Prime Minister Tarique Rahman

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষ নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রসাধন সামগ্রীসহ অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করবেন।

সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সচিবালয়েই মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন এবং বিকেল ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে। নতুন ভবনের ছয়টি লিফটই ছিল ব্যস্ত এবং কর্মকর্তারা দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করতে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে কাজ করেছেন। এবার প্রচলিত রেওয়াজ ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার সার্বিক তত্ত্বাবধান করে মন্ত্রিপরিষদ বিভাগ।