তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ: ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার

prime Minister Tarek Rahman

দেশের প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশ ও জনগণের জন্য “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা করেছিলেন এবং জাতীয় নির্বাচনের আগে সেই পরিকল্পনার বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরেন। জনগণ ভোটের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়ে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।”

সরকারপ্রধান বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা কেউই ভোট দেননি—সবার জন্যই এই সরকার সমানভাবে কাজ করবে।

তিনি বলেন, “দলমত, ধর্ম, দর্শন যার যার—রাষ্ট্র সবার। এই দেশে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সমান।”

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী দেশবাসীর কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে নিরাপদ ও সুস্থ রাখেন এবং সরকারের ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দান করেন।