দ্য হানড্রেড নিলামে বাংলাদেশ থেকে সুযোগ পেলেন ২ জন, বাদ ২১ ক্রিকেটার

The Fiz rishad hussain

ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred–এর এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুজন। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে এই নিলাম।

বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত তালিকায় থাকা দুই ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেননি।

মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পাউন্ড, যা সর্বোচ্চ ক্যাটাগরি। অন্যদিকে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। স্পিনারদের টায়ার ওয়ান তালিকায় রয়েছেন তিনি।

এবারের নিলামে প্রায় এক হাজার ক্রিকেটার নাম নিবন্ধন করলেও প্রাথমিক যাচাই শেষে তালিকা কমিয়ে আনা হয়েছে ৪২৫ জনে। এর মধ্যে ২৪৭ জন পুরুষ ও ১৭৮ জন নারী ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৭৫ থেকে ১০০ জনের তালিকা পাঠানোর পরই চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়।

এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও ২৯ বছর বয়সী এই ব্যাটার বাদ পড়েছেন। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি এবং গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে এক আসরে দুটি শতকের রেকর্ড গড়েছিলেন তিনি।

ফারহান নিলামের আগে আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, সেরা লিগগুলোর একটি দ্য হানড্রেডে খেলার ইচ্ছা রয়েছে তার।

পাকিস্তান থেকে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ১৬ জন ক্রিকেটার—১৪ জন পুরুষ ও ২ জন নারী। মারকিউ তালিকায় আছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান তারিক।

চূড়ান্ত তালিকায় বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটাররা

নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবার প্রথমবারের মতো সুযোগ পাওয়ায় দৃষ্টি এখন নিলামের দিকে—দেখা যাক শেষ পর্যন্ত কোন দলে জায়গা করে নিতে পারেন মোস্তাফিজ ও রিশাদ।