বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্মেলনের আয়োজক ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সম্মেলনে অংশ নেওয়ার কথা জানান রুবিও। তিনি জানান, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে তাঁর কথা হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিযুক্ত মার্কিন প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত ও মিশনপ্রধানেরাও যোগ দেন।
রুবিও তাঁর পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে মার্কিন রাষ্ট্রদূতেরা কাজ করে যাচ্ছেন। সম্মেলনে অংশ নিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও নয়াদিল্লি যান বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইউএনবি।
এদিকে অক্টোবরের মাঝামাঝি উজবেকিস্তানের সমরকন্দ সফরের পরিকল্পনা রয়েছে রুবিওর। সার্জিও গরের ঘোষণার বরাতে উজডেইলি জানিয়েছে, তাঁর নেতৃত্বে শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের একটি ব্যবসায়ী দল সেখানে যাওয়ার কথা রয়েছে।
সফরে মধ্য এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সি৫+১ মন্ত্রী পর্যায়ের বৈঠকে রুবিওর অংশ নেওয়ার কথা। যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানো এ সফরের লক্ষ্য।
