যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করাই এ পদক্ষেপের মূল লক্ষ্য।
মার্কিন দূতাবাস জানায়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এতে আরও বলা হয়, এই স্থগিতাদেশের ফলে যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পূর্ণাঙ্গভাবে পর্যালোচনার সুযোগ পাওয়া যাবে। নতুন করে নীতিমালা মূল্যায়নের মাধ্যমে আমেরিকান নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে এই সিদ্ধান্ত অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটক ভিসা, শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য অস্থায়ী ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
