রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে চালু হওয়া মিশ্র (ব্লেন্ডেড) শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) কলেজ শাখার শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, বৈশাখী উৎসব—বৈসাবি, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে স্কুল শাখায় বর্তমানে ছুটি চলছে। এ কারণে আপাতত শুধু কলেজ শাখার অনলাইন ক্লাস চালু হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক এবং ছুটি শেষে আগামী বৃহস্পতিবার থেকে স্কুল শাখার জন্যও অনলাইন ক্লাস শুরু করা হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-সহ রাজধানীর কয়েকটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীর এবং তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই ব্যবস্থায় শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট, নগরীর তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে এই ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে।
