যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশির নাম

usa worst bangladeshi Arrest

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ‘ওয়ার্স্ট অব দ্য ওয়ার্স্ট’ বা ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। তালিকায় বিভিন্ন দেশের পাশাপাশি অন্তত ১০ জন বাংলাদেশির নাম ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ উঠে এসেছে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কাজী আবু সাঈদকে ক্যানসাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা ও অবৈধ জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে।

তালিকায় থাকা শাহেদ হাসানকে নর্থ ক্যারোলিনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন ও চুরির অভিযোগ রয়েছে।

মোহাম্মদ আহমেদ ও মো. হোসেন নামে আরও দুই বাংলাদেশিকে নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মাহতাবউদ্দিন আহমেদকে ভার্জিনিয়ার চ্যান্টিলি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে নেওয়াজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

ইশতিয়াক রাফিকে ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক রাখার অভিযোগ রয়েছে।

ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে বাংলাদেশি নাগরিক আলমগীর চৌধুরীকে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে কণক পারভেজ নামে আরেক বাংলাদেশিকে অ্যারিজোনা থেকে আটক করা হয়েছে।

এ ছাড়া চুরির অভিযোগে শাহরিয়া আবিরকে ফ্লোরিডার পেনসাকোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হচ্ছে। ডিএইচএসের বার্তায় বলা হয়েছে, আইসিই সদস্যরা প্রেসিডেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং গুরুতর অপরাধে জড়িত অবৈধ ব্যক্তিদের বিরুদ্ধে বহিষ্কার প্রক্রিয়া শুরু হয়েছে।