আগামী অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (১২ জুন) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। নতুন অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং দেশের কোনো শ্রেণি-পেশার মানুষকে অবহেলিত রাখা হবে না।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার মানোন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মধ্যে সাবমার্সিবল পাম্প, কৃষকদের জন্য স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ, শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা জিমনেশিয়ামে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলা চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্তদের জন্য টিন বিতরণ এবং উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
