চার দিনে তিনবার কমল সোনার দাম, ভরিতে ৭ হাজার ১৭৩ টাকা

Gold price update Bangladesh

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। গত চার দিনে তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে ৭ হাজার ১৭৩ টাকা। এর মধ্যে আজ রোববার এক দফায় কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ রোববার সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত শুক্রবার সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং বৃহস্পতিবার ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে চার দিনের ব্যবধানে তিনবার দাম কমল মূল্যবান এই ধাতুর।

আজ সোনার দাম কত

বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

নতুন হিসাবে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে।

তবে সোনার দাম কমলেও আজ দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বিশ্ববাজারেও কমছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাব পড়ছে দেশের বাজারেও। গত এক মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ২১৮ ডলার কমেছে। আর ছয় মাসের হিসাবে দাম কমেছে প্রায় ৬৫১ ডলার।

সাধারণত যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেও এবার সোনার দাম কমতে দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদহার বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ সোনা থেকে সরে সুদবাহী সম্পদের দিকে ঝুঁকছেন। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।