সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের আকামা নবায়নে নতুন নিয়ম নিয়ে বৈঠক

saudi-iqama-renewal-new-rule-bangladeshi-workers

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ সুখবর। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা (কফিল) আকামা নবায়ন না করলে দ্রুত অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আকামা (ইকামা) নবায়ন করা যাবে। এতে আইনগত কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগসংক্রান্ত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত তিনটি চুক্তির মধ্যে ডোমেস্টিক কর্মী এবং এসভিপি (SVP) চুক্তি নবায়নের অনুরোধ জানানো হয়।

এছাড়া সম্প্রতি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তিটি দ্রুত সৌদি সরকারের অনুমোদনের জন্যও অনুরোধ করা হয়।

বৈঠকে উভয় দেশ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং প্রবাসী কর্মীদের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে জয়েন্ট টেকনিক্যাল কমিশনের সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে।

বাংলাদেশি কর্মীদের দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ‘সৌদি–বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে আরবি ভাষা শিক্ষা, সৌদি আরবের আইন, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সম্পর্কে ধারণা এবং বিদেশগমনের আগে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই সুবিধা কার্যকর হলে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের আকামা নবায়ন নিয়ে অনিশ্চয়তা কমবে। একই সঙ্গে কফিল আকামা নবায়ন না করলে চাকরি হারানোর ঝুঁকি কমে আসবে এবং শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুরক্ষা আরও জোরদার হবে।