ম্যাচের ২১ মিনিটের মধ্যেই ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করলেন ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৭–০ গোলে হারিয়েছে ব্রাজিল। জাপানের কাছে ৩–২ গোলে হারের পর বছরের শেষ ম্যাচে জয়ে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তিন গোল, তিন সতীর্থের পাস
ব্রাজিলের প্রথম গোলটি পেতে পারতেন এস্তেভাও। ব্রুনো গিমারায়েস বুক দিয়ে বল নামিয়ে দিলে তাঁর শট লাগে পোস্টে। পরের আক্রমণে সেই ব্রুনোর পাস থেকেই নবম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। দ্বিতীয় গোলের আক্রমণটি ভিনিসিয়ুস নিজেই গড়েন। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ছুটে তিনি পাস দেন এন্দ্রিককে। বক্সে ঢুকে এন্দ্রিক বল ফেরালে সামনে ফাঁকা জাল, ব্যবধান ২–০ করতে ভুল হয়নি ভিনিসিয়ুসের।
হ্যাটট্রিকের গোলে পাসটি দেন এস্তেভাও। বক্সের ভেতর তাঁর কাছ থেকে বল পেয়ে তৃতীয়বার জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান এন্দ্রিক। এবার আর পাস দেননি, বক্সের বাইরে থেকে নিজেই শট নিয়ে ব্রাজিলকে ৪–০ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পর স্কোরশিটে এস্তেভাও ও রায়ান
প্রথমার্ধে পোস্টে শট নেওয়া এস্তেভাও বিরতির পর আর সুযোগ হাতছাড়া করেননি। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন তিনি। ৬৫ মিনিটে বদলি আলানের পাস ধরে গোলকিপারকে কাটিয়ে ষষ্ঠ গোল করেন রায়ান। এর নয় মিনিট পর আলানের আড়াআড়ি শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে গেলে স্কোর দাঁড়ায় ৭–০।
আরও পড়ুন: আজ টিভিতে যত খেলা: বাংলাদেশ সময় ও চ্যানেল
